
কয়েক
ঘণ্টা আগেই স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান দখল করেছিল রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনাকে পেছনে ফেলে। এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। পয়েন্ট তালিকার এক
নম্বরে ফিরতে তাই জয়ের বিকল্প ছিল না বার্সার। অর্থাৎ মঞ্চ তৈরিই ছিল।
অপেক্ষা ছিল লিওনেল মেসির জ্বলে ওঠার। সে কাজটা করতে কোনো ভুল করেননি
আর্জেন্টাইন মহাতারকা। সফল স্পট-কিকের পর দুটি চোখ ধাঁধানো কার্বন
কপি ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করে পূরণ করেন হ্যাটট্রিক। তার অনবদ্য
নৈপুণ্যে সেলতা ভিগোকে হারিয়ে ফের শীর্ষে উঠেছে কাতালানরা।
শনিবার
রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা।
আগের ম্যাচে লেভান্তের মাঠে অপ্রত্যাশিতভাবে ৩-১ গোলে হেরে যাওয়ার ধাক্কা
সামলে জয়ে ফিরেছে এর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। চলতি মৌসুমের লিগে ন্যু
ক্যাম্পে ছয় ম্যাচ খেলে সবকটিতে জিতেছে তারা। আর সকল প্রতিযোগিতা মিলিয়ে
গেল এক বছরে নিজেদের মাঠে ২৮ ম্যাচ খেলে একটিও হারেনি দলটি।
১২ ম্যাচে ৮
জয়, ১ ড্র ও ৩ হারে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। সমান
ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
বার্সার গোল পার্থক্য +১৮, রিয়ালের +১৬। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন
নম্বর স্থানটা দখলে রেখেছে রিয়াল সোসিয়েদাদ। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে
চতুর্থ অবস্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ।
Daily Star
No comments:
Post a Comment